কক্সবাজারে বাস খাদে পড়ে শিশু সন্তানসহ মায়ের মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৪:৩১

কক্সবজারে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে দুই বছরের শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। এ সময় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন। রবিবার ভোরে সদর উপজেলার ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মহেশখালী উপজেলার নতুনবাজার এলাকার মো. আমিরুজ্জামানের স্ত্রী রাজিয়া বেগম (৩৫) এবং তার দুই বছরের শিশু সন্তান সাগর।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলিমা পরিবহনেরর একটি বাস ভোর ৫টার দিকে ইসলামাবাদ এলাকায় পৌঁছলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ গাড়ির সামনে এসে পড়েন। তাকে বাঁচানোর চেষ্টা করলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎকরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

আহতদের উদ্ধার করে মামলুমঘাট এলাকায় খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।