কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৫:৫০
স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা ও প্রস্তাবিত বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন চলছে অনেক দিন ধরে। রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে।
 
রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক চত্তরে এই অবস্থান ধর্মঘট পালন করেন তাঁরা। অবস্থান ধর্মঘটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী রানা, শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। 
 
এ সময় শিক্ষক নেতারা বলেন, 'মেধাবী শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু যখন এই ধরণের বেতন বৈষম্যের শিকার হবে, তখন তারা এই পেশায় আগ্রহ হারিয়ে ফেলবে। আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি পালন করছি। আশা করি, সরকার আমাদের দাবি মেনে আমাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা ও প্রস্তাবিত বেতন কাঠামো পুনঃনির্ধারণ করবে।'