হেরোইন পাচার: আটকের পর মুক্ত বাস সুপারভাইজার

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৭:২৯
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হেরোইন পাচারে জড়িত অভিযোগে ওমর ফারুক (২৫) নামে এক বাস সুপারভাইজারকে আটকের পর পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার আগ্রাণ এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে হেরোইন পাওয়া যায়। এ সময় ওই সুপারভাইজারসহ তিনজনকে আটক করা হয়। তবে আটক অন্য দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে ওই সুপারভাইজারকে ছেড়ে দেয়া  হয়েছে।
 
বড়াইগ্রাম থানা জানায়, শনিবার সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে জামালপুরগামী পদ্মা পরিবহণে পুলিশ তল্লাশি চালায়। এ সময় বাসের ছাদে থাকা ফেরিওয়ালাদের সাইকেলের চাকার ভেতরের টিউবের মধ্যে বিশেষভাবে রাখা ৭৫ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ সময় ফেরিওয়ালা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার আটরশি মাড়িয়াপাড়া গ্রামের  জহুরুল ইসলাম (৩৫), রাজশাহীর তানোর থানার বাতাসপুর গ্রামের ওয়াজেদ আলী (৩০) এবং বাসের সুপারভাইজার ময়মনসিংহ জেলার লালকুঠি চরকালিবাড়ি গ্রামের ওমর ফারুককে (২৫) আটক করে পুলিশ। রবিবার দুপুরে রহস্যজনক কারণে হটাৎ ওমর ফারুককে ছেড়ে দেয়া হয়। আটক অন্য দুজনের নামে মামলা করে তাদের কারগারে পাঠানো হয়েছে।
 
বড়াইগ্রাম থানার এসআই সুজন জানান, জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে সংশ্লিষ্টতা খুঁজে না পাওয়ায় ওমর ফারুককে ছেড়ে দেয়া হয়েছে।