রুবেল হত্যা মামলা

এসি আকরামকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ২০:১৪
 
 
 
ইত্তেফাক রিপোর্ট
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র রুবেল হত্যা মামলায় ডিবির তত্কালীন সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আকরাম হোসেনকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।
 
আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজউদ্দিন ফকির এবং এসি আকরামের পক্ষে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার শুনানি করেন।
মোমতাজউদ্দিন ফকির বলেন, আপিল বিভাগ আকরামকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। এর ফলে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করতে বলা হয়েছে।
 
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শাহীন রেজা রুবেলকে ১৯৯৮ সালের ২৩ জুলাই ডিবির তত্কালীন এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে একটি দল আটক করে। পরে ডিবির হেফাজতে থাকা অবস্থায় রুবেলের মৃত্যু হয়। পুলিশের নির্মম নির্যাতনে রুবেলের মৃত্যু হয়েছে এই অভিযোগে মামলা দায়ের করা হয়।
 
ওই হত্যা মামলায় ২০০২ সালের ১৭ জুন বিচারিক আদালত আকরামসহ ১৩ জনকে যাবজ্জীবন এবং মুকুলি বেগম নামের এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেয়। বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে  আপিল করে আসামি পক্ষ।
 
২০১১ সালের ৫ মে হাইকোর্ট আকরাম, মুকুলি বেগমসহ ১৩ আসামিকে খালাস দেয় এবং হায়াতুল ইসলামের সাজা বহাল রাখা হয়। হাইকোর্টের রায়ের পর ২০১১ সালের ৯ মে রাতে কারাগার থেকে মুক্তি পায় আকরাম।
 
হাইকোর্টের এই খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। রবিবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে আকরামকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।