ইনস্টগ্রামে ব্যবহার করা যাবে বিভিন্ন আকারের ছবি

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৯:০৮


ইনস্টগ্রামের নতুন ফিচারের কল্যাণে ব্যবহার করা যাবে ল্যান্ডস্কেপ বা পোট্রেট ছবি ও ভিডিও। এখন থেকে ছবি ও ভিডিও শেয়ারের সামাজিক মাধ্যমটির ৩০ কোটি ব্যবহারকারী এই সুবিধা উপভোগ করবে।


বিবিসি এক প্রতিবেদনে ইনস্টগ্রাম ব্লগের বরাত দিয়ে জানায়, এতদিন বর্গাকারের ছবি ছাড়া অন্য কোন আকারের ছবি সঠিকভাবে ব্যবহার করা যেতো না ফেসবুক ভিত্তিক এই ছবি শেয়ারের সাইটটিতে। ফলে পোট্রেট ছবিতে অধিকাংশ সময় ব্যবহারকারীদের মাথা কাটা পড়ত। আর ল্যান্ডস্কেপ ছবিতে দেখা যেতো না পাশের সঙ্গীদের। ব্যবহারকারীদের এসব সমস্যা থেকে মুক্তি দিতেই এই পরিবর্তন এনেছে ইনস্টগ্রাম।


ইনস্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, প্রতি পাঁচটি ছবির মধ্যে একটি ছবি এমন পাওয়া যেতো যা বর্গাকারে নেই। ফলে এই ধরণের ছবিগুলো ইনস্টগ্রামে শেয়ার করা মোটেও সহজ ছিলো না। অনেক সময়ই গ্রুপ ছবিতে পাশের বন্ধুটি কাটা পড়ত অথবা ছবিটি তার নিজস্বতা হারিয়ে ফেলত।"


ডেবরা আহো উইলিয়ামসন রয়টার্সকে জানান, বিজ্ঞাপনী সংস্থাগুলোর পক্ষ থেকেও এই পরিবর্তনের আহ্বান জানানো হচ্ছিলো। আর নিশ্চিতভাবেই এই সুবিধা সংযোজনের ফলে এখন আরও বেশি কিছু দেখাতে পারবে বিজ্ঞাপনী সংস্থাগুলো।


উল্লেখ্য, এ বছর জুন মাস থেকে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানায় ইনস্টগ্রাম।

 

সূত্র- বিবিসি