নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউপি চেয়ারম্যান সাজিদুল ইসলাম সনজুর বিরুদ্ধে স্থানীয় গন্ডা গ্রামের হাবিবুর রহমান হাবুল নামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার দুপুরে হাবিবুর রহমান হাবুলের স্ত্রী লুৎফুন্নাহার শেলী কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, সাজিদুল ইসলাম সনজু সংঘবদ্ধভাবে এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস রাখে না। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বিভিন্ন মিথ্যা মামলার শিকার হয়ে আসছেন গন্ডা গ্রামের হাবিবুর রহমান হাবুল। এরই জের ধরে বেশ কিছু দিন ধরে হাবুলের কাছে ইউপি চেয়ারম্যান সনজু পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন । চাঁদা না দিলে হাবুলকে এলাকায় থাকতে দেয়া হবে না বলেও হুমকি দেয় চেয়ারম্যান। এক পর্যায়ে গত শুক্রবার বিকাল তিনটার দিকে চেয়ারম্যান ও তার অনুগামী লোক লস্কর দেশীয় অস্ত্র নিয়ে দাবিকৃত চাঁদা আদায় করতে হাবুলের বাড়িতে যায়। এ সময় হাবুলকে বাড়িতে না পেয়ে তারা হাবুলের মা ও স্ত্রীর কাছে চাঁদার পাঁচ লাখ টাকা দাবি করে। তারা এ দাবি প্রত্যাখ্যান করলে তাদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর শেষে এক সপ্তাহের মধ্যে দাবিকৃত টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় চেয়ারম্যান ও তার লোকজন।
তবে ইউপি চেয়ারম্যান মুঠোফোনে অভিযোগটি অস্বীকার করেছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
