নিজ দলের ৩৯ জনকে হত্যা করেছে আইএস

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৯:৪৯
 
গত এক মাসে সিরিয়ায় নিজ দলের ৩৯ জনকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। দলবিরোধী কাজে যুক্ত থাকা ও দল ত্যাগ করতে চাওয়ায় এদেরকে হত্যা করা হয় বলে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে।
 
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবসারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, যাদুবিদ্যা চর্চা, পায়ুকাম, বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন, ডাকাতি, প্রতিদ্বন্দ্বী দলে যোগদান, যুক্তরাষ্ট্র ও সিরিয়া সরকারকে সহযোগিতা করার মতো অভিযোগে এদের হত্যা করা হয়।
 
সংগঠনটি আরো জানায়, এদের অধিকাংশকেই শিরশ্ছেদ করার মাধ্যমে হত্যা করা হয়। দেশটিতে আইএসের হাতে এক মাসে নিহত মোট ৯১ জনের ভেতর ৩২ জন বেসামরিক নাগরিক রয়েছে।
 
ইসলামি খেলাফত ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত নিজ দলের ১৮২ জনকে হত্যা করা হয়েছে। এদের অধিকাংশের বিরুদ্ধেই দলত্যাগ করার অভিযোগ আনে জঙ্গি সংগঠনটি। সূত্র: আল জাজিরা