মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বামীর বিরুদ্ধে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত স্ত্রী আসমা আক্তার (২২) উপজেলার বাসাইল ইউনিয়নের চর কুন্দলিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্বামী মকবুল হোসেন (৩০) উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের বাসিন্দা।
মৃতের ভাই কামরুল হোসেন বলেন, ‘শনিবার রাত ১২টায় বড়বর্তা গ্রামের লোকজন ফোন করে আমাদের এ ঘটনা জানায়। আমি তখন পুলিশকে ফোন করে জানাই। এরপর আমরা কুন্দলিয়া গ্রাম থেকে রওনা করেন। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বোন মৃত খাটে পড়ে আছে। ছোট বাচ্চাটা পাশে বসে কাঁদছে। তার স্বামীসহ বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরে পুলিশ ভোর রাত চারটায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রবিবার বেলা ১১টায় লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, স্বামীর পরকীয়ার জেরে আসমা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় শ্বাসরোধের চিহ্নও আছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
