চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহায় ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপ-বিদ্যুৎ কেন্দ্রের পার্শ্বে একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এত কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর শিকলবাহা এলাকায় দেড়শ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
রবিবার বেলা সাড়ে তিনটার দিকে ট্রান্সফরমারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এতে এসব এলাকা দুপুর সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিদ্যুৎ বিহীন থাকে।
এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে এ ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সূত্রে জানা গেছে, উপজেলার শিকলবাহা তাপ বিদ্যুৎ কেন্দ্রে পোল্যান্ড থেকে আমদানিকৃত ১৯৮৪ সালে ১৩২ কেভি ও ১৯৮৬ সালে চায়না থেকে আমদানিকৃত ১৩৩ কেভি পৃথক দুটি ট্রান্সফরমার বসানো হয়। দুটি ট্রান্সফরমার থেকে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের পিডিবি ও পল্লী বিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে ১৩২ কেভি ট্রান্সফরমার থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পাশের আরেকটিতে ছড়িয়ে পড়ে। পটিয়া
ফায়ার সার্ভিসের পরিচালক দোলন আচার্য্য জানান, ফায়ার সার্ভিসের পটিয়া, আগ্রাবাদ, চাক্তাই লামার বাজার ইউনিটের আটটি গাড়ি বিকাল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যুকেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী ভূবন বিজয় দত্ত জানান, টানা বৃষ্টির কারনে লুব ছিড়ে স্পার্ক করে ট্রান্সফরমারে আগুন লাগে। একটি ট্রান্সফরমার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
