ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এদের সবাইকে বেসামরিক লোক বলে দাবি করছে পশ্চিমা সংবাদমাধ্যম। রবিবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় হাজাহ প্রদেশের একটি এলাকায় এ হামলা চালানো হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে পশ্চিমা সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সকালে সৌদি জোটের যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত বোমা একটি বোতলজাত প্রক্রিয়ার কারখানায় আঘাত করে। এতে ওই কারখানায় কর্মরত ৩৬ জন নিহত হন। ঈসা আহমেদ নামে স্থানীয় এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, হামলার পর ওই কারখানা বিধ্বস্ত হয়ে যায়। এরপর সেখান থেকে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলোর বেশিরভাগই ছিল অগ্নিদগ্ধ এবং খণ্ডিত। শিয়া সম্প্রদায়পন্থি হুথি বিদ্রোহীদের দমনে এবং রিয়াদে নির্বাসিত পশ্চিমা সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট আবদু-রাব্বু মনসুর হাদীকে পুনরায় ক্ষমতায় বসাতে চলতি বছরের মার্চে অভিযান শুরু করে সৌদি আরব ও তার পার্শ্ববর্তী মিত্র দেশগুলো। বর্তমান যুদ্ধাবস্থা সৌদি আরব জোটের অনুকূলে রয়েছে বলে দাবি করা হচ্ছে।
