পরিবেশ ও বন মন্ত্রীর সাথে ইউএসএআইডি প্রধানের সাক্ষাৎ

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ২১:২৫
 
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাথে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বর্তমান প্রধান আলফন্সো ল্যানহার্ড্‌ট সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট তার সাথে ছিলেন। 

সচিবালয়ে এই সাক্ষাত্কালে মন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সমস্যা কোনো দেশের একক নয়। প্রায় সবদেশেরই সমস্যা এটি। এ জন্য সব দেশকে ঐক্যবদ্ধভাবে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলায় কাজ করতে হবে। 

আলফানসো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন ইতিমধ্যে ওবামা প্রশাসন বৈশ্বিক এ সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে ইউএসআইডি’র সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

এ সময়ে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ-আল ইসলাম জ্যাকব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।