কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রতিবন্ধী তরুণী হত্যার প্রধান আসামি মকবুল হোসেন (৪০) আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
রবিবার বিকাল তিনটায় কুমিল্লার বিজ্ঞ আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে এ জবানবন্দি দেন। মকবুল উপজেলার বরকরই ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাসিন্দা।
মামলার তদন্ত কর্মকর্তা ও চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাশ জানান, পাঁচ সন্তানের জনক মকবুল হোসেন পাশ্ববর্তী বাড়ির গুলশানারা (২০) নামে এক প্রতিবন্ধীর সঙ্গে বিভিন্ন কৌশলে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন অবৈধ সম্পর্কের ফলে ওই প্রতিবন্ধী তরুণী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিপাকে পড়ে মকবুল। বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়ার ভয়ে ১১ অগাস্ট মঙ্গলবার সন্ধ্যার পর মকবুল ওই প্রতিবন্ধী তরুনীকে ফুসলিয়ে ঘর থেকে বের করে পাশ্ববর্তী একটি ধঞ্চে ক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
পরদিন বুধবার সকালে স্থানীয়রা ওই ধঞ্চে ক্ষেতে প্রতিবন্ধী তরুণীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. শরীফ বাদী হয়ে হত্যা মামলা করে।
তদন্ত কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামি মকবুলকে শনিবার রাতে চান্দিনা বাজার এলাকা থেকে আটক করা হয়।
