আল জাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ডে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ০১:০৪

কাতার ভিত্তিক সংবাদ চ্যানেল আল-জাজিরার তিন সাংবাদিককে কারাদণ্ড দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার মিসরের একটি আদালত তাদের তিন বছর করে কারাদণ্ড দেয়। খবর আল জাজিরা ও এএফপি’র।

 

রায়ে অসন্তোষ প্রকাশ করে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্র মিসরকে রায় পুনর্বিবেচনার আহবান জানিয়েছেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি বলেন, রায় পুনর্বিবেচনা করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা মিসর সরকারের প্রতি আহবান জানাচ্ছি। কারণ এই রায় মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে যা স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয়। মিথ্যা সংবাদ প্রকাশের জন্য কানাডার মোহাম্মদ ফাহমি ও মিসরের প্রযোজক বাহের মোহাম্মদ এবং অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্তকে শনিবার তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। এদিকে কারাদণ্ড প্রাপ্ত সাংবাদিক পিটার গ্রেস্ত তাকেসহ তার দুই সহকর্মীকে ক্ষমা করে দিতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির প্রতি আহবান জানিয়েছেন।