বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে দেশ নাটকের প্রযোজনায় নাটক ‘অরক্ষিতা’। মাহবুব লীলেনের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ইশরাত নিশাত। নাটকটির গল্পে উঠে এসেছে মহাভারতে শুক্রাচার্যের মন্ত্র হারানো আখ্যানের ভিন্নপাঠ। দু’পক্ষের বাহুতে সমান শক্তি না থাকলে শান্তিচুক্তি হয় না, হয় এক পক্ষের দাসত্বের দলিল। এই বাস্তব সত্য উপলব্ধির পর বঙ্গদ্বীপ নামক রাজ্যে বিশাল সৈন্যবহরের পাশাপাশি বঙ্গদ্বীপে সংযোজিত হন আচার্যদের মধ্যে শ্রেষ্ঠ আচার্য শুক্রাচার্য। এই শুক্রাচার্য জানতেন মহামন্ত্র, মৃতসঞ্জীবনী মন্ত্র। এই মৃতসঞ্জীবনীর জোরে নিহত সৈনিকদের আবারও বাঁচিয়ে তোলার ক্ষমতা রাখতেন শুক্রাচার্য।
বঙ্গদ্বীপের সৈন্যবহর আর শুক্র শক্তি মিলে বঙ্গদ্বীপ হয়ে ওঠে এক অমর ও অক্ষয় রাজ্য। এমনই একটি গল্পে মঞ্চায়িত হবে নাটকটি।
