গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে

৪ সেপ্টেম্বর ২০ দলীয় জোটের বিক্ষোভ

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ০৯:২৬


গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। রবিবার রাতে বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হয়।

সোমবার সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।

বর্তমান সরকারের গ্রাহক পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কর্মসূচি এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে কোন কোন নেতা সরকারের গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী হরতাল কর্মসূচির ব্যাপারে মত দিলেও বেগম জিয়া তা নাকচ করে দেন। পরে সিদ্ধান্ত হয়, বিক্ষোভ এবং লিফলেট বিতরণের মতো কর্মসূচি দেয়া হবে। বৈঠকের শুরুতেই জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সদ্যপ্রয়াত কাজী জাফর আহমেদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

প্রসঙ্গত, গ্যাস ও বিদ্যুতের দাম আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এ বর্ধিত দামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বানও জানানো হয়েছে।