লিবিয়া উপকূলে নৌকাডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১০:৩০

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ইউরোপ অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবে অন্তত ৩৭ জন আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার লিবিয়ার স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এর চেয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। খোম শহরটি ত্রিপোলি থেকে একশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত।

ত্রিপোলি রেডক্রিসেন্টের মুখপাত্র মোহাম্মদ আল মিসরাতি বলেছেন, “খোম উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের সাতটি লাশ পাওয়া গেছে বলে সকালে খবর পেয়েছি। পরে জেলেরা সেখান থেকে আরো ৩০টি লাশ দেখতে পায়। তবে ডুবে যাওয়া নৌকাটিতে কতোজন ছিলেন তার বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই।”

রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা লাশগুলো উদ্ধারের চেষ্টা করলেও প্রয়োজনীয় নৌযানের অভাবে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার লিবিয়ার জুবারা শহরের উপকূলে লিবিয়া থেকে ইতালি গমনেচ্ছুদের অপর একটি নৌকা ডুবে গিয়ে দুইশরও বেশি অভিবাসপ্রত্যাশীর মৃত্যু হয়েছিল।

- রয়টার্স