অবৈধ সম্পদের মামলা: জয়নাল হাজারীকে খালাসের রায় বাতিল

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১১:৩৪
অবৈধ সম্পদের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে নিম্ন আদালতের ১৩ বছরের সাজার বিরুদ্ধে হাজারীর করা আপিল পুনরায় হাইকোর্টে শুনানির নিদের্শ দেয়া হয়েছে। 
 
প্রধান বিচরপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচাপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
 
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের শীর্ষ ৫০ দুর্নীতিবাজের তালিকায় জয়নাল হাজারীর নাম ছিল। ওই সময় দুদক তার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। তিনি পলাতক থাকায় সম্পদের হিসাব দাখিল করতে পারেন নি। হিসাব দাখিল না করার মামলায় ফেনীর একটি বিশেষ আদালত তাকে তিন বছর এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে ১০ বছর সাজা দেয়।  এই ১৩ বছর সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ২০০৯ সালে। ওই আপিলের শুনানি করে ১৩ বছরের সাজা বাতিল করে দেয়া হয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি কমিশন। আজ দুদকের আপিল মঞ্জুর করে হাজারীকে খালাস করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ।