নওগাঁয় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই ইছাহাক আলী (৩৫) মারা গেছেন। সোমবার সকালে নূরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গীতে এ ঘটনা ঘটে। ইছাহাক আলী মৃত নুসির উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে বড় ভাই জয়েন উদ্দিন (৪২) পলাতক আছেন। তবে জয়েন উদ্দিনের মেয়ে লতিফুর নেছাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, বড় ভাই জয়েনের বাড়ি ইটের ও ছোট ভাই ইছাহাক আলীর বাড়ি মাটির তৈরি। মাটির বাড়িতে বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে বড় ভাই জয়েনের সঙ্গে সকালে ইছাহাকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই লাঠি দিয়ে ইছাহাকের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ঘটনার পর জয়েন উদ্দিন পালিয়ে গেছেন। তবে পুলিশ জয়েনের মেয়ে লতিফুর নেছাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালো পাঠানো হয়েছে বলে জানান তিনি।
