পালমিরায় আরও একটি মন্দির ধ্বংস করেছে আইএস

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১২:১৮
সিরিয়ার পালমিরায় আরও একটি প্রাচীন মন্দির ধ্বংস করে দিলো ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। 
 
সিরিয়ার হোমস নগরী থেকে আন্তর্জাতিক সংবাদকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি প্রাচীন নগরী পালমিরার ‘টেম্পল অব বেল’ নামের মন্দিরটি বর ধরনের বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় আইএস। এ জন্য তারা ব্যবহার করেছে ৩০ টনেরও বেশি বিস্ফোরক। ইউনেস্কোর তালিকাভুক্ত এই প্রাচীন মন্দিরটি পালমিরার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থাপনা। খবর বিবিসি’র। 
 
ব্রিটেনভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজার্ভেটরি ফর ‍হিউম্যান রাইটস’ মন্দির ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে। 
 
ওই এলাকায় একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণে মন্দিরের ইট ও খিলান ধসে পরে ছড়িয়ে ছিটিয়ে আছে।
 
এক সপ্তাহ আগেই দুই হাজার বছরের পুরনো ‘বাল শামিন’ নামের আরও একটি মন্দির উড়িয়ে দেয় আইএস জঙ্গিরা। সিরিয়া যখন রোম সাম্রাজ্যের অধীনে ছিলো তখন তৈরি হয় এই মন্দিরটি।
 
এছাড়া চলতি মাসের প্রথম দিকে পালমিরার বর্ষীয়ান তত্ত্বাবধায়ককে গলা কেটে হত্যা করে আইএস। ৮২ বছর বয়সী পুরাতত্ত্ববিদ খালেদ আসাদ গত ৫০ বছর ধরে প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে পালমিরার প্রাচীন পুরাতত্ত্বের দেখাশোনা করতেন।
  
এদিকে প্রাচীন পুরার্কীতির বিরুদ্ধে আইএসের এই তাণ্ডবের প্রেক্ষিতে ইউনেস্কোর প্রধান ইরিনা বোকোভা বলেন, ইরাক ও সিরিয়ায় প্রাচীন পুরার্কীতির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নৃশংস ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আইএস। 
 
গত মে ‍মাসে সিরিয়ার বাশার বাহিনীকে হটিয়ে পালমিরার দখল নেয় আইএস। স্থানটি রাজধানী দামেস্ক থেকে ২১০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত।