ভোলায় বাঁধ ভেঙে হাজার মানুষ পানিবন্দি

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১২:৩৪
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে পুরাতন বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।
 
সোমবার ভোরে ওই ইউনিয়নের হেতনারহাট পয়েন্টে জোয়ারের পানির চাপে এই বাঁধ ভেঙে পড়ে।
 
সরেজমিনে দেখা গেছে রাস্তাঘাট, পুকুর, ঘের, স্কুল, মসজিদসহ বিভিন্ন স্থাপনা তলিয়ে যায়। ভেসে গেছে ঘেরের মাছ। এলাকা তালিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
 
স্থানীয়রা জানান, গত কয়েক দিন থেকেই বাঁধের বাইরের পুরাতন রিং বাঁধটি ঝুঁকির মুখে ছিলো। সোমবার ভোর রাতের দিকে জোয়ারের পানির চাপে বাঁধটি ভেঙে যায়। লোকালয়ে পানি প্রবেশ করে পুরো এলাকা তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কালীকীর্তি, কালাসুরা ও হেতনারহাটসহ তিনটি গ্রামের মানুষ। তিন শতাধিক ঘরবাড়ি পানির নীচে রয়েছে।
 
কালীকীর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির সাজাওয়াল জানান, পানি প্রবেশ করে স্কুলটি প্লাবিত হয়েছে। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। এছাড়াও বেশ কিছু মসজিদ, মক্তবসহ কমপক্ষে ১০টি মাছের ঘের তলিয়ে গেছে।
 
ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাম হোসেন কবির জানান, ভোর রাতে বাঁধটি ভেঙে গেলে পানি ঢুকে এলাকা প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে তিন শতাধিক পরিবার। বাঁধটি মেরামতের চেষ্টা করা হচ্ছে।