মানহানি মামলায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৪ অক্টোবর

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১২:৫২
মানহানি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। 
 
মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন সোমবার কারাগার থেকে মোশাররফকে আদালতে হাজির না করায় আসামিপক্ষের আইনজীবী সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময় আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আতাউল হক এ আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য নতুন এ দিন ধার্য করেন।
 
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে সরকার। যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে সরকারকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পঁচাত্তরের পরিণতি ভোগ করতে হবে।’
 
এর পরদিন দেশের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রচারিত হলে বাদীর মানহানি হয়েছে—এমন অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ২০১৩ সালের ২০ জানুয়ারি আদালতে মামলাটি করেন।