বেগমগঞ্জে অস্ত্রসহ ৪সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৩:১৫
নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতা, সন্ত্রাসী, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার আসামি চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ডাকাতির প্রস্ততিকালে বিদেশী পিস্তলসহ তাদের গ্রেফতার করা হয়। 
 
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম উত্তরাঞ্চলে গোপালপুর, বেতুয়াবাগ, মধূপুর, চাঁন কাশিমপুর, বসন্তের বাগ, তিতাহাজরা, দেবকালা, রছুলপুর, চোবান মার্কেট এলাকায় একটি সংঘবদ্ধ দল নাশকতা, সন্ত্রাসী, ডাকাতি, ছিনতাই করে জনজীবন জিম্মি করে রেখেছিল। এ দলের কতিপয় সদস্য সোমবার রাতে সিরাজ উদ্দিনপুরের আলম দীঘির পাড়ে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর মংচাই মারমা সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর ওৎপেতে ভোরে অভিযান চালান।  অভিযানে ফয়েজ (২৬), বোরহান (২৪), রফি(২০) ও মামুন (২২) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে পুলিশ। সাব-ইন্সপেক্টর মংচাই মারমা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র, নাশকতা, সন্ত্রাসী, ডাকাতি একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়।