বিরামপুরে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৩:৪৮
বিরামপুরে সোমবার ভোরে একটি চালভর্তি ট্রাক থেকে ৩শ’ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 
 
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মমতাজুল হকের নেতৃত্বে পুলিশ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর দক্ষিণ রেলগেটে অবস্থান নেয়। দিনাজপুর থেকে নরসিংদিগামী ৩শ’ বস্তা চাল বোঝাই একটি ট্রাককে ( ঢাকা মেট্রো-ট-১৬-৭০৪৯) থামানোর সংকেত দিলে ড্রাইভার ও হেলপার ট্রাক ফেলে দ্রুত পালিয়ে যায়। ট্রাকে অবস্থানকারী ফেন্সিডিল ব্যবসায়ী দিনাজপুরের শাহীনকে (২৫) আটক করা হয়। পুলিশ তল্লাশি চালিয়ে ট্রাকের ক্যাবিন থেকে বিশেষ ভাবে প্যাকেট করা ৩শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পুলিশ চালভর্তি ট্রাক থানা হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে বিরামপুর থানায় মামলা হয়েছে।  আসামিকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।