নেত্রকোনায় বৃষ্টিপাতে এক দশকের রেকর্ড ভঙ্গ

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৪:৫৫
 
নেত্রকোনায় গত এক দশকের রেকর্ড ভঙ্গ করে সোমবার পূর্বধলায় উপজেলায় ১৫১ মিলিমিটার এবং নেত্রকোনা সদরে  ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দুপুরে নেত্রকোনা জেলা কৃষি অধিদফতর থেকে এই তথ্য জানা গেছে।
 
গত রবিবার গভীর রাত থেকে গত সোমবার দুপুর পর্যন্ত অবিরাম ভারি বর্ষণের কারণে এবং নদীর উপচে পড়া পানিতে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া, উকিলপাড়া, পালপাড়া, নিউটাউন, নাগড়া, সাতপাই রেলক্রসিং এলাকা পানিতে তলিয়ে যায়।
 
বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। হাওরের নৌ চলাচল বন্ধ হয়ে যায়। যান-বাহন চলাচল ও যাতায়াত ব্যবস্থাও বিপর্যস্ত।
 
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, অতি বর্ষণের কারণে নেত্রকোনা সদর, কলমাকান্দা, বারহাট্টা, মদন এবং মোহনগঞ্জের বেশ কিছু এলাকার আমন জমি তলিয়ে গেছে।