গাইবান্ধার সাদুল্লাপুরে বাবার সঙ্গে অভিমানে বেলাল মিয়া (২৪) নামে এক যুবকের আত্মাহুতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে ওই আনসার ব্যাটালিয়ান সদস্য বাঁশ ঝাড়ের বাঁশের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বেলাল মিয়া উত্তর কাজিবাড়ি সন্তোলা গ্রামে নুরুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় আনসার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
পুলিশ, পরিবার ও স্থানীয়রা জানায়, বেলাল মিয়া বিয়ে করার জন্য ছুটি নিয়ে সম্প্রতি বাড়িতে আসেন। পরিবারের সবাই মিলে তার বিয়ের জন্য পার্শ্ববর্তী এক গ্রামে মেয়েকে পছন্দ করেন। কিন্তু ওই বিয়েতে বাঁধা হয়ে দাঁড়ায় তার বাবার চাহিদা যৌতুক। মেয়ের পরিবার বেলালের বাবার চাহিদা মতো যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে তারা ওই বিয়েতে ভেঙ্গে দেন। ফলে কনের বাবা তার মেয়ের অন্যত্র বিয়ে দেয়ার জন্য সিদ্ধান্ত নেন। এ ঘটনায় বাবার সঙ্গে অভিমান করে বেলাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সোমবার স্থানীয় লোকজন সকালে মাছ ধরার জন্য ওই এলাকায় গেলে তাকে বাশেঁর সঙ্গে ফাঁসিতে ঝুলানো অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাদুল্লাপুর থানার ও সি ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বেলালের ভাই আব্দুল মোন্নাফ বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
