নীলফামারীতে বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুল আলম এই রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পারিবারিক কলহে জেরে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ২০১২ সালের ২৪ জানুয়ারি বাবা আজগর আলীকে (৫৫) শ্বাসরোধ করে হত্যা করে তার ছেলে গোলাম মোস্তফা (২৭)। এ ঘটনায় আজগরের বড় ভাই আফছার আলী বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। পরে তিনি জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই আদেশ দেয় বলে জানান আদালতের সরকারি কৌশলী (এপিপি) জামিল আহমেদ।
