নেপথ্য কারণ বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ

ঝালকাঠিতে নিখোঁজ শিশুর লাশ মিললো খালে

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৭:২৮

ঝালকাঠির কাঠালিয়ায় জোরখালি গ্রামের খাল থেকে তৃতীয় শ্রেনীর ছাত্র মেহেদী হাসানের (৮) লাশ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধায় সে বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এ ব্যাপারে কাঠালিয়া থানায় শিশুটির বাবা জিডি করেছিল। সোমবার খুব ভোরে জোরখালী খালে শিশু মেহেদীর ভাসমান লাশ পাওয়া যায়।

মেহেদীর স্বজনরা জানায়, লাশের একটি চোখ উৎপাটন এবং গায়ে একাধিক কোপের দাগ ছিলো। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ, মেহেদীর মাদ্রাসা পড়ুয়া বোনকে উত্যাক্ত করত এলাকার শাওন। তাকে কদিন আগে মেহেদীর মা মন্দ বলে সতর্ক করার জের ধরেই এ হত্যা হতে পারে। কাঠালিয়া থানা সূত্র জানায়, এ ব্যাপারে মেহেদীর প্রতিবেশী রেহানা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের নানা মো. কালাম জানান, মেহেদীর বোনকে মাদরাসায় যাওয়ার পথে প্রতিবেশী শাওন উত্যাক্ত করায় মেহেদীর মা শাওনকে সতর্ক করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে শাওন মেহেদীর বোনকে মোটর সাইকেলে জোর পূর্বক উঠিয়ে নেয়ার হুমকি দেয়। কিন্তু মেহেদীর মা এই ঘটনা আমাদেরকে না জানিয়ে বিষয়টি চাপা রাখে।

কাঠালিয়া থানার ওসি জাহিদ হোসেন জানান, মেহেদীর বাবা নিজেই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য মেহেদীর প্রতিবেশী রেহানা বেগমকে আটক করা হয়েছে। মেহেদীর বাবা শাহিন জমাদ্দার ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন।