বিশাল বাজেট চেয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৯:৫৬
 
সেনাবাহিনী সংক্রান্ত একটি নতুন আইন নিয়ে লাখ লাখ মানুষের বিক্ষোভের মধ্যেই জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ যাবত কালের সবচেয়ে বড় বাজেট চেয়েছে। মন্ত্রণালয় আগামী অর্থবছরের জন্যে সরকারের কাছে ৫ দশমিক শূন্য ৯ ট্রিলিয়ন ইয়েন (৪২ বিলিয়ন ডলার) চেয়েছে যা চলতি অর্থ বছরের চেয়ে দুই দশমিক দুই শতাংশ বেশি। 

এদিকে অ্যাবের কেবিনেটের ড্রোন, সাবমেরিন, যুদ্ধবিমান ও উভচরযানের জন্য ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে ২৪ দশমিক সাত ট্রিলিয়ন ইয়েন বরাদ্দের সিদ্ধান্তের পর রেকর্ড পরিমাণ নতুন বাজেট প্রস্তাব এলো।

বিশ্লেষকরা একে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সেনাবাহিনীকে আরো সক্রিয় করার উদ্যোগের সমার্থক হিসেবে বিবেচনা করছেন। কারণ চীনের সঙ্গে উত্তেজনা বাড়বে এ আশংকার প্রেক্ষাপটে অ্যাবে তার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন।
 
সেনাবাহিনী সংক্রান্ত নতুন আইনের বিরোধীরা বলছে, নতুন এই আইন জাপানের অহিংস সংবিধানের পরিপন্থী। নতুন আইনের ফলে জাপানের সেনাবাহিনী বিদেশের মাটিতে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষমতা লাভ করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান নিজেকে শান্তিবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং দেশটির সৈন্যরা যুদ্ধে জড়িত হওয়া থেকে বিরত থাকে।
 
এছাড়া জাপানের প্রতিরক্ষা প্রচেষ্টা জোরদারে অস্বস্তিতে রয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দেশ দুটি ছিল জাপানের আগ্রাসী সামরিক অভিযানের নির্মম শিকার। সূত্র: এএফপি