বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এক রিট পিটিশনের শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেন।
একই সঙ্গে উক্ত নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট পিটিশনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল বলেন, গত ২৬ ফেব্রুয়ারি বাকৃবি'র তৃতীয় ও চতুর্থ শ্রেণির তিনশত ১৩ জন কর্মচারী নিয়োগ দেয়া হয়। গত ১৯ আগস্ট তিন শত ১৩ জন থেকে ৯৫ জনকে বাদ দিয়ে বাকিদের নিয়োগ ঠিক রেখে কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বাদ পড়া ৮১ জন কর্মচারী হাইকোর্টে রবিবার রিট পিটিশন দায়ের করেন। রিটে শিক্ষাসচিব, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, ডেপুর্টি রেজিস্ট্রার, এডিশনাল রেজিস্ট্রার ও বাছাই কমিটিকে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়।
আদালতে রাস্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল-আমীন সরকার।
