বিখ্যাত সব স্পাই উপন্যাসের লেখক ফ্রেডেরিক ফরসাইথ নাকি নিজেই একজন ম্পাই ছিলেন! অসংখ্য বেস্ট সেলিং বইয়ের লেখক এই ব্রিটিশ লেখক তার সরকারের হয়ে গোয়েন্দাগিরির কথা স্বীকার করেছেন নিজের আত্মজীবনী দ্য আউটসাইডার-মাই লাইফ নামের আত্মজীবনীর প্রকাশের লগ্নে বিবিসিকে এই কথা জানিয়েছেন তিনি।
দ্য ডে অব দ্য জ্যাকেল, ওডেসা ফাইল, ডগস অব ওয়ার বিখ্যাত সব স্পাই উপন্যাসের লেখক ফ্রেডেরিক ফরসাইথের উপন্যাসগুলো প্রায় বাস্তবেরই যেন প্রতিচ্ছবি। এক সময় বিবিসি ও রয়টার্সের হয়ে সাংবাদিকের দায়িত্ব পালন করা ফরসাইথের লেখনীর জন্য তার নিয়মিত পাঠকরা গোয়েন্দা বাহিনীর সঙ্গে তার সংশ্লিষ্ট রয়েছে বলে সন্দেহ করতো। ৭৭ বছর বয়সী এই লেখক নিজের আত্মজীবনীর প্রকাশলগ্নে জানিয়েছেন, ১৯৬৭ থেকে ৭০ পর্যন্ত নাইজেরিয়ার বায়াফ্রা বিদ্রোহের সময়ে তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছেন। বায়াফ্রা যুদ্ধের শেষ বছরে আমি সংবাদের পাশাপাশি গোয়েন্দা প্রতিবেদনও পাঠিয়েছি। তবে গোয়েন্দা তথ্য সরবরাহ করার উদ্দেশ্যটা ছিলো মহত।
বায়াফ্রা যুদ্ধে শিশুরা মারা যাচ্ছিলো কিন্তু যুক্তরাজ্য পররাষ্ট্র অধিদপ্তর সমর্থন করছিলো সেখানের একনায়ককে। কিন্তু ব্রিটিশ গোয়েন্দা সংস্থা নাকি জানতে চেয়েছিলো প্রকৃত অবস্থা সম্পর্কে। তিনি বলেন, পররাষ্ট্র দপ্তর এটা বার বার বলছিলো যে যুদ্ধে কোনো শিশু মারা যাচ্ছিলো না, এবং তারা লাগোসের একনায়ককে একান্ত ভাবে সমর্থন করছিলো। কিন্তু এমআই সিক্স এর দৃষ্টিভঙ্গিটা অন্যরকম ছিলো।
ফরসাইথ জানান তার উদ্দেশ্য খারাপ ছিলো না এবং তার মতো আরো অনেকে এই গোয়েন্দাগিরি করে কোনো অর্থ নেননি। তিনি বলেন, "শিশুরা মাছির মতো মারা যাচ্ছিলো। এটা বিতর্কিত ছিলো কিন্তু এটা দেশের নিরাপত্তার জন্য হুমকি ছিলো না।"
ফরসাইথের লেখা বই প্রায় ৭০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে এবং তার বেশ কিছু বই থেকে সফল চলচ্চিত্রায়ন হয়েছে।
