ইউক্রেনে পার্লামেন্ট ভবনের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাবাহিনীর এক সদস্য নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রধানমন্ত্রী ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে স্বায়ত্তশাসন দেয়ার পক্ষে অবস্থান নেয়ার কথা জানানোর পরই নিরাপত্তাবাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।
বিক্ষোভকারীরা পটকা ও পেট্রোলবোমা নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এসময় বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে বার্তা সংস্থাগুলো জানিয়েছে।
এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা, সাংবাদিকসহ বেশ ক’জনকে এ সময় রক্তাক্ত ও আহত অবস্থায় সংসদ ভবনের সামনে পড়ে থাকতে দেখা গেছে।
পপুলিস্ট র্যাডিকাল পার্টি ও উগ্র জাতীয়তাবাদী সভোবোদা দল এই বিক্ষোভের আয়োজন করেছিল। দলদুটির আশঙ্কা, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোকে স্বায়ত্তশাসন দিলে এলাকাগুলো ইউক্রেনের হাতছাড়া হয়ে যাতে পারে। সূত্র: বিবিসি
