জয়পুরহাটে আওয়ামীলীগের জাতীয় শোক দিবস উদযাপন

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ২৩:১৯

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, যারা লুটপাটের রাজনীতি করতে চায় তারা আওয়ামীলীগের আদর্শে বিশ্বাসী নয় , এরা দলের ভাবমূর্তি নষ্ট করছেন। বঙ্গবন্ধুর রক্তে গড়া আওয়ামীলীগে এদের কোন স্থান নাই।

তিনি আজ সোমবার জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করে রাজনীতি করেছেন বঙ্গবন্ধু। সেই পথে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ বার হত্যার চেষ্টা হয়েছে শেখ হাসিনাকে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। স্বপন বলেন, বাংলার দূ:খী মানুষের মূখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন বিশ্বের দরবারে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসাবে মাথা উচুঁ করে দাঁড়াচ্ছে।
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ এই শোকসভার আয়োজন করে। জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী। শোক সভার আগে আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে একটি বিশাল শোক র‌্যালী শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।