‘দর্শকরা পূর্ণ বিনোদনমূলক ছবি উপভোগ করবেন’

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ২৩:৫৯

ছোটপর্দার নিয়মিত অভিনেত্রী মৌসুমি নাগ। তবে অনেকদিন ধরেই বিরতিতে আছেন। এই বিরতিতে তিনি তার মেয়েকে নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই কোনো নাটকের চুক্তিতে আপাতত যাচ্ছেন না তিনি। এই ঈদে তার কোনো নাটক প্রচার না হলেও ঈদের পরেই বড়পর্দায় আসছেন তিনি। মুক্তি পাচ্ছে তার ‘রানআউট’ ছবিটি। ছবিটি প্রসঙ্গে মৌসুমি বলেন, ‘প্রথম সবকিছুর প্রতিই ভালোলাগাটা অন্যরকম। ‘রানআউট’ আমার প্রথম চলচ্চিত্র। তাই প্রত্যাশা ও আগ্রহটা ভিন্ন। আশা করি দর্শকরা পূর্ণ বিনোদনমূলক ছবি উপভোগ করবেন। হলে গিয়ে দর্শকরা একটি ভালো বাংলা চলচ্চিত্র উপভোগ করবেন।’

 
এ ছবিটি ছাড়াও মৌসুমি তার দ্বিতীয় ছবির শুটিংও শেষ করেছেন এরইমধ্যে। এখনও ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
 
খুব শিগগিরই আবারও পর্দায় হাজির হচ্ছেন বলে জানান মৌসুমি।
 
হয়তো ঈদের পর থেকেই আবারও নিয়মিত শুটিং শুরু করবেন তিনি।
 

চলতি সময়ে বিভিন্ন টেলিভিশনে তার কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। আর এই অবসরে নিজের নাটকগুলো দেখার সুযোগ পেয়ে মৌসুমি বলেন, ‘শুটিংয়ে ব্যস্ত থাকলে কখন কী নাটক প্রচার হয় এটা তো জানাই হয় না। নিজের কাজ দেখার সুযোগই পাই না। এখন মেয়েকে সময় দেওয়ার পাশাপাশি নিজের নাটকগুলো দেখছি আর দর্শক হিসেবে নিজের খুঁতগুলো খোঁজার চেষ্টা করছি।’