বাবা এখন সুস্থ আছেন:আলিফ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ০০:১৭

দেশে ফিরেছেন কিংবদন্তী সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী। তিনি দীর্ঘদিন যাবত্ ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। আর এ কারণেই প্রায় দুই মাস ব্যাংককের দু’টি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন দেশবরেণ্য এই শিল্পী। এ বিষয়ে তার মেয়ে আলাউদ্দিন আলিফ জানান, গত শনিবার তিনি চিকিত্সা শেষে দেশে ফিরেছেন। এখন তার শারীরিক অবস্থা খানিকটা ভালো।

 
আলিফ বলেন, ‘বাবা এখন সুস্থ আছেন। বিশ্রামে থাকতে হবে। সবাই বাবার জন্য দোয়া করবেন।’ তবে তিনি অল্প কিছুদিনের জন্য, নাকি একেবারেই এসেছেন এই ব্যাপারে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।
 

এদিকে দেশে ফিরেই আলাউদ্দিন আলী গত রবিবার সন্ধ্যায় অংশ নেন ‘শহীদ আলতাফ মাহমুদ পদক-২০১৫’ প্রদান অনুষ্ঠানে। মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত উক্ত অনুষ্ঠানটিতে বরেণ্য এই সঙ্গীত পরিচালককে সম্মাননা প্রদান করা হয়। এবার আলাউদ্দিন আলীর পাশাপাশি আরও পদক পেয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।