দুই বছরেরও বেশি সময় ধরে সাবেক নেতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুর বিষয়টি গোপন রাখার কথা নিশ্চিত করেছে আফগান তালেবান।
বিবিসি বলছে, সোমবার প্রকাশিত তালেবানের নতুন নেতা মোল্লা আখতার মনসুরের এক জীবনীতে মোল্লা ওমর ২০১৩ সালের ২৩ এপ্রিল মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে।
কৌশলগত কারণে ওমরের মৃত্যুর বিষয়টি গোপন রাখে তালেবান। তখন শুধু অল্প কয়েকজন তালেবান নেতা ওমরের মৃত্যুর বিষয়টি জানতেন।
চলতি বছরের জুলাইয়ে আফগান গোয়েন্দা সংস্থা পাকিস্তানের একটি হাসপাতালে মোল্লা ওমর মারা গেছেন বলে জানায়।
এর আগ পর্যন্ত ওমরের নামে দাপ্তরিক বিবৃতি প্রকাশ করা অব্যাহত রেখেছিল তালেবান।
৩০ জুলাই তালেবানের পক্ষ থেকে ওমরের মৃত্যুর বিষয়টি স্বীকার করে নেওয়া হয়। কিন্তু কখন, কোথায় বা কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
আফগান গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী, মোল্লা ওমর পাকিস্তানের করাচির একটি হাসপাতালে শারীরিক অসুস্থতায় মারা যান। মোল্লা ওমর সেখানে আছেন এটি সব সময়ই অস্বীকার করে এসেছে পাকিস্তান।
