চট্টগ্রাম বন্দরে কোকেন আমদানির মামলায় চট্টগ্রামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল।
সোমবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের খাস কামরায় মোস্তফা কামাল এই জবানবন্দি দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকিন ইবনু মিনান কোকেন মামলার অন্যতম আসামি আবাসন ব্যবসায়ী মোস্তফা কামালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের কথা জানিয়েছেন।
আদালত সূত্র জানায়, চট্টগ্রামের আলোচিত এই কোকেন আমদানি মামলায় গত বৃহস্পতিবার কোকেনের মূল আমদানিকারক প্রাইম হ্যাচারিচের ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেল ও সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর ধারাবাহিকতায় তৃতীয় আসামি হিসেবে আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ৮ জুন চট্টগ্রাম বন্দরে ভোজ্য তেলের ড্রামে কোকেন আমদানির গোপন তথ্য পেয়ে কসকো শিপিং লাইনের একটি কন্টেইনার ভর্তি ১০৭ ড্রাম ভোজ্য তেলের ড্রাম আটক করা হয়। পরে এসব ড্রামের ভোজ্য তেল পরীক্ষা করে ২৭ জুন প্রথম একটি ড্রামে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়।
