ব্লগার ওয়াশিকুর হত্যায় অভিযোগপত্র

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৫
 
ব্লগার ওয়াশিকুর রহমান ওরফে বাবু হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র ও যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এই তথ্য জানান।
 
আসামিরা হলেন-জিকরুল্লাহ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, জুনায়েদ ওরফে তাহের ও হাসিব আবদুল্লাহ। এদের মধ্যে জিকরুল্লাহ, আরিফুল ও সাইফুল কারাগারে আছেন। অভিযোপত্রে জুনায়েদ ও হাসিবকে পলাতক দেখানো হয়েছে।
 
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
 
তিনি জানান, ওয়াশিকুর হত্যার মূল পরিকল্পনাকারী হাসিব। গ্রেফতার হওয়া তিনজন হত্যার কথা স্বীকার করেছেন। লেখালেখির কারণেই তারা ওয়াশিকুরকে হত্যা করেছেন।
 
চলতি বছরের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ীতে প্রকাশ্যে ওয়াশিকুরকে হত্যা করা হয়। এসময় জিকরুল্লাহ ও আরিফুল ধরা পড়েন।
 
পরদিন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন বাদী হয়ে জিকরুল্লাহ ও আরিফুলসহ চারজনের নাম উল্লেখ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। পরে মামলার তদন্তভার ডিবিকে দেয়া হয়।