প্রযুক্তি শিক্ষায় মেয়েদেরও এগিয়ে আসতে হবে: চুমকি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ২০:৪৯

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে শিক্ষার্থীদের বিবেকবান হতে হবে। প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েদের এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

‘প্রযুক্তির হাতে হাত ধরি, ডিজিটাল বাংলাদেশ গড়ি, ডুয়েট মোদের স্বপ্নের দিশারী’ শ্লোগানকে সামনে রেখে শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক এস.এম আলম, ডুয়েট ছাত্রলীগের সভাপতি মোঃ নাসিরুদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউর রহমান রাতুল প্রমুখ বক্তব্য রাখেন।

সকালে পায়রা উড়িয়ে ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। এর আগে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এরপর মেহের আফরোজ চুমকির নেতৃত্বে পুরাতন একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।