প্রখ্যাত অভিনেত্রী কবরী। বড়পর্দায় অসংখ্য জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্রের নায়িকা তিনি। তবে চলতি সময়ে তার ব্যস্ততা কোনো চলচ্চিত্র নিয়ে নয়। প্রথমবারের মতো নাটক নির্মাণ করছেন তিনি। পাশাপাশি অভিনয়ও করবেন। ‘আবার আসিব ফিরে’ শিরোনামে ১৩ পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তিনি।
এরইমধ্যে নাটকটির ৬ পর্বের শুটিং শেষ করা হয়েছে। ছোটপর্দায় কাজ করলেও নিজের সোনালি যুগের কিছু ছাপ তিনি এখানেও রেখেছেন। ‘মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো’ শিরোনামে গানটি সোহেল রানা ও কবরী জুটির প্রথম ছবির। আর এই নাটকটিতেও কবরীর স্বামীর চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা। জনপ্রিয় এই গানটি আবারও তার নাটকের মধ্য দিয়ে নিয়ে আসছেন দর্শকদের কাছে। আজাদ রহমানের কথা, সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সেলিনা আজাদ।
এ প্রসঙ্গে কবরী বলেন, ‘জনপ্রিয় এই গানটির অডিও ছাড়াও ফ্ল্যাশব্যাকে পুরোনো গানটির ভিডিও দেখানো হবে।’
