গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতার আশঙ্কায় ইউপি সদস্যসহ নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুশুমদিয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জনা গেছে, কুশুমদিয়া গ্রামের অ্যাড. মোরাদ গ্রুপ ও সেলিম চেয়ারম্যান গ্রুপের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলে আসছে। এরই ধারাবাহিকতায় সেলিম চেয়ারম্যান প্রতিপক্ষ অ্যাড. মোরাদের লোকজনকে হামলা করার উদ্দেশ্যে তার বাহিনী নিয়ে নিজ বাড়িতে মিটিং করতে থাকে। বিষয়টি পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে সাজাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার সৈয়দ মোল্যা ৯ নং ওয়ার্ড মেম্বার ইলিয়াছ হোসেন, কুশুমদিয়া গ্রামের মানোয়ার হোসেন, নিজাম উদ্দিন, শাহিন মোল্যাসহ নয়জনকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সেলিম চেয়ারম্যান সমর্থক বেশ কিছুদিন ধরে তারা অ্যাড. মোরাদ সমর্থকদের ওপর হামলা চালানোর চেষ্টা করে যাচ্ছে।গত বুধবার রাতে একই ঘটনায় এই গ্রুপের ৫জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছিল।
