দেশের বিভিন্ন স্থানে মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১২:৫১
দেশের বিভিন্ন স্থানে আগামী ২৪ঘন্টায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া বুধবার সকাল ৯টা থেকে আগামী ৭২ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আবহাওয়া সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়- মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, সাব-হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে। 
 
-বাসস