গাজীপুরে বিউটি আক্তার (২৮) নামে এক গৃহবধূকে মারধর করে বিলের পানিতে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ গৃহবধূর স্বামীসহ পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর মহানগরীর তিতারকুল এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত বিউটি আক্তার গাজীপুর মহানগরী জোলারপাড় গ্রামের আইনদ্দিনের ছেলে সেলিম মিয়ার স্ত্রী এবং মানিকগঞ্জের ঘিওর থানার উত্তরতরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের মেয়ে।
আটকৃতরা হলেন- নিহতের স্বামী সেলিম মিয়া (২৮), গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার আবুল খায়েরের ছেলে মামুন সিদ্দিকী (২৮), লক্ষীপুরা এলাকার কামাল উদ্দিনের ছেলে রুবেল (২৮), পূর্ব ভুরুলিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ শাকিল (১৪) ও নারায়নগঞ্জের ২ নং ঢাকেশ্বরী এলাকার সোহরাব হোসেনের ছেলে লিটন মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেলিম মিয়ার সহকর্মী শাকিল তিতারকুল বাজার ঘাট থেকে একটি ইঞ্চিনচালিত নৌকা ভাড়া করে। পরে ঐ দিন বিকেলে সেলিম মিয়া তার স্ত্রী বিউটি আক্তার ও অন্য সহযোগীদের নিয়ে ইঞ্চিনচালিত নৌকা ঘুরে বেড়াতে যায়। ফেরার পথে রাত ১১টার দিকে তিতারকুল বাজার ঘাটের অদূরে স্ত্রীকে মারধর করে বিলের পানিতে ফেলে দেয় তারা। এ সময় মাঝি শাহ আলম টের পেয়ে মোবাইল ফোনে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে লোকজন এগিয়ে এসে ওই পাঁচজনকে ধরে জয়দেবপুর থানা পুলিশকে সোপর্দ করে।
এ দিকে রাত থেকেই ওই বিলে নিহতের মৃতদেহ খোজা শুরু হয়। বুধবার সকালে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্বার কাজে যোগ দেয়। সকাল সাড়ে নয়টার দিকে লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।
জয়দেবপুর থানার এস আই আহাদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
