লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৪৩
 
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বুধবার সুফিয়া বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।
 
নিহত সাদ্দাম শেখ (২৬) নোয়াপাড়া গ্রামের ছারু শেখের ছেলে। আহতদের লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বোরহান শেখ, বজলু শেখ, শাকিরুল শেখ ও তুহিন শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নোয়াপাড়া পূর্বপাড়ার দুই মাতুব্বর টুকু শেখ ও হারু শেখের মধ্যে এই সংঘর্ষ হয়। হারু শেখের ছোট ভাই ছারু শেখের ছেলে লিংকন মাছ ধরার ফাঁদ পেতে রেখেছিল। মঙ্গলবার সন্ধ্যার পর সেটি নিয়ে টুকু শেখের নাতনী ও বোরহান শেখের শিশুপুত্র। এতে ক্ষিপ্ত হয়ে লিংকন রাতে বোরহান ও তার ছেলেকে মারধর করে। এর জের ধরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দুই গ্রুপ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে  সাদ্দাম শেখ নিহত হন। আহত হন দুই পক্ষের অন্তত ১৫ জন।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুত্ফর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজ সকালে সুফিয়া বেগম নামে একজনকে আটক করা হয়েছে।