ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের আগুনে ২৪টি কাঁচা ঘর পুড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের আঘাতে আহত হয়েছেন নারীসহ প্রায় ১০ জন।
পুলিশ জানায়, উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের প্রত্যন্ত সায়াউক গ্রামের প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদ ও ওই স্কুলের উপবৃত্তির অর্থ আত্মসাত এবং মামলা-মোকদ্দমার ঘটনাকে কেন্দ্র করে সাবেক স্কুল কমিটির সভাপতি খন্দকার শাহিনের গোষ্ঠী ও বাচ্চুর গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। এসব ঘটনায় জের ধরে পূর্বে কয়েক দফা সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং খুনের ঘটনা ঘটে। এসব ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন ভোর রাতে খন্দকার শাহিনের লোকজনের বাড়িঘরে পেট্রোল ঢেলে একে একে ২৪ টি ঘর পুড়িয়ে দেয়। এ সময় তাদের হামলায় আহত মুস্তাফিজুর (৩২), উজ্জল (৩০), জহুরা বেগম (১৮), অবিদকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ ও ঢাকায় ভর্তি করা হয়েছে।
ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
নাসিরনগর থানার এসআই মহিউদ্দিন সুমন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সামাজিক বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে খন্দকার শাহিনের লোকজনের অভিযোগ বাচ্চুর গোষ্ঠীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
