মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের দাবিতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। বুধবার ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
অটোরিকশা শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করায় স্থানীয় অসংখ্য শ্রমিক বেকার হয়ে পড়েছে। আজ সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল, সুলতানপুর, ঘাটুরা পেট্রল পাম্প, সুহিলপুর, নন্দনপুর, বিশ্বরোডসহ কমপক্ষে ১৬টি পয়েন্টে শ্রমিকরা গাছের গুড়িসহ বিভিন্ন জিনিসপত্র ফেলে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। এসময় মহাসড়কে উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। বাধ্য হয়ে অনেক যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে হয়।
সকাল সাড়ে আটটার দিকে নন্দনপুর, বিশ্বরোড, রামরাইলসহ বিভিন্ন স্থানে কমপক্ষে ৮/১০টি যাত্রীবাহী যানবাহন ভাঙচুরের শিকার হয়। এই ঘটনার জের ধরে দু’দল শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সকাল ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোক্তাধির চৌধুরীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে শ্রমিক নেতৃবন্দ।
