জীবননগর পৌরসভা অফিসে ভাঙচুর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০৫
 
নগর উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকার দরপত্র গোপনে হাতিয়ে নেয়ার অভিযোগে জীবননগর পৌরসভায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উত্তেজিত ঠিকাদারসহ বেশ কয়েকজন যুবক পৌরসভার মেয়রের কক্ষ ও ইঞ্জিনিয়ার সেকশনের দুটি অফিসের কম্পিউটারসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ ব্যাপারে ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষ পরস্পর বিরোধী অভিযোগ তুলেছে।
 
জীবননগর ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আ. সালাম ঈসা অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ৯২ লাখ টাকার টেন্ডার গোপনে আহ্বান করে। বুধবার ওই সব দরপত্র অত্যন্ত গোপনে দাখিল করা হয়। পরে ঠিকাদাররা একত্রিত হয়ে এর প্রতিবাদ করেন। এ অবস্থায় উত্তেজিত কিছু যুবক পৌরসভায় গিয়ে হামলা করেছে বলে তিনি স্বীকার করেন।
 
এ ব্যাপারে পৌর মেয়র নোয়াব আলী জানান, প্রকল্পের কাজ আনতে অনেক টাকা ব্যয় করতে হয়। তাছাড়া এ কাজ করার জন্য পৌরসভায় যোগ্যতা সম্পন্ন কোনো ঠিকাদারও নেই। এ অবস্থায় ঊর্ধ্বতন জনপ্রতিনিধির পরামর্শে তিনি এ দরপত্র আহ্বান করেন।