শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মবিরতি, কালোব্যাজ ধারণ, মৌন মিছিল ও সমাবেশ করেছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা।
উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকরী শিক্ষকদের নতুন কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। তবে এ সময় উপাচার্যপন্থী সরকার সমর্থক শিক্ষকরা এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা ক্লাস নিয়েছেন।
এদিকে শাবিপ্রবি‘র চারটি হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারা হচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংবিভাগের অধ্যাপক মুহসিন আজিজ খানকে শাহপরান হল, বাংলা বিভাগের অধ্যাপক শরদিন্দু ভট্রাচার্যকে সৈয়দ মুজতবা আলী হল, সমাজকর্ম বিভাগের সহযোগীঅধ্যাপক আমিনা পারভিনকে প্রথম ছাত্রী হল এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষকনাহিদ সুলতানাকে বেগম সিরাজুন্নেসা হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে সকাল ১১টায় আন্দোলনকারী শিক্ষকরা মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপাচার্য ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানেই সমাবেশ করেন শিক্ষকরা। এরপর সেখানেই সমাবেশ করেন শিক্ষকরা।
মো. ফারুক উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মো. ইউনুছ, অধ্যাপক আব্দুল গণি, অধ্যাপক সৈয়দ সামসুল আলম,অধ্যাপক মস্তাবুর রহমান, অধ্যাপক আনোয়ারুল ইসলাম দিপু, সহকারী অধ্যাপক এমদাদুল হক, অধ্যাপক দীপেন দেবনাথ প্রমুখ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে অনশন পালনের কথা রয়েছে শিক্ষকদের। উল্লেখ্য, গত রবিবার উপচার্যের কার্যালয়ের সামনে শিক্ষকদের অবস্থান ধর্মঘট চলাকালে শিক্ষকদের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
