লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মীম। ছোটপর্দার পর এবার বড়পর্দাতেও নিজেকে নিয়মিত রেখেছেন। এরইমধ্যে অভিনয় করেছেন যৌথ প্রযোজনার ছবিতেও। ‘ব্ল্যাক’ শিরোনামে যৌথ প্রযোজনার ছবিতে মীমের বিপরীতে আছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক সোহম।
সম্প্রতি কলকাতা থেকে ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন মীম। তবে এখনও বাকি রয়ে গেছে ছবিটির দু’টি গানের দৃশ্য। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে গানটির শুটিংয়ে অংশ নেবেন মীম ও সোহম।
ঢাকায় ফিরে মীম বলেন, ‘ক্যারিয়ারে প্রথম বড় পরিসরে কোনো কাজ করলাম। দারুণ এক অভিজ্ঞতা। কলকাতায় বেশ আনন্দ করেছি। ইউনিটের সবাই আমাকে খুব সহযোগিতা করেছেন।’
সোহম দুই বাংলাতেই বেশ জনপ্রিয়। তার সাথে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মীম আরও বলেন, ‘সোহম আমাকে প্রতিটি কাজেই সাহায্য করেছে। ওখানকার সবাই সবাইকে সহযোগিতা করে। এটাই সবচেয়ে ভালোলাগার বিষয়। একটি ইউনিট যদি পারফেক্ট হয় তবে ভালো একটি কাজ বের হয়ে আসে। প্রতিটি দৃশ্যে সোহমের সহযোগিতা পেয়েছি।’
কলকাতায় কাজ করতে গিয়ে টলিউডে ছবি করার প্রস্তাব পান তিনি। তার কাজের বেশ প্রশংসাও করেন পরিচালক রাজা চন্দ ও সোহম। সোহম বলেন, ‘অসাধারণ অভিনয় করেছে মীম। মীমের জন্য শুভকামনা। আশা করি তার সাথে একটি সফল ছবি মুক্তি পাবে।’ ছবির ডাবিং ঢাকাতেই করবেন মীম। তবে ছবিটি মুক্তির তারিখ এখন ঘোষণা করা হয়নি।
‘পদ্ম পাতার জল’ ছবিটির মুক্তির পর ঢালিউডে ইতিবাচক অনেক প্রশংসা পেয়েছেন মীম। দর্শকদের গ্রহণযোগ্যতাও উল্লেখ করার মতো। চলচ্চিত্রে নিয়মিত থাকা প্রসঙ্গে মীম বলেন, ‘আমি একটু সময় নিয়েই বড়পর্দায় এসেছি। নিজেকে প্রস্তুত করে। ‘পদ্ম পাতার জল’ ছবিটি আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিয়েছে। দর্শকদের গ্রহণযোগ্যতাটাই ইন্ডাস্ট্রিতে নিয়মিত হওয়ার শক্তি জুগিয়েছে। ভালো কাজ পেলে অবশ্যই নিয়মিত করবো।’
