শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পেটানোর অভিযোগে সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রের পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যায়ের একটি বিভাগ। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ‘এফইএস ২১৮’ কোর্সের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ওই ছাত্র।
জাহিদ হোসেন নাঈম নামে একদিন আগে বহিষ্কৃত ছাত্র বন ও পরিবেশ বিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগ কর্মী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী বলে পরিচিত।
বহিষ্কৃত ওই ছাত্রের পরীক্ষা নেয়ার বিষয়ে বন ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক নারায়ণ সাহা বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার পর আমরা তার বহিষ্কারের চিঠি পাই।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে আন্দালনরত শিক্ষকদের ওপর রবিবার প্রশাসনিক ভবনে হামলার পর মঙ্গলবার জাহিদসহ চার ছাত্রকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
