গত কয়েক দিন ধরে বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে যে ক্যাটরিনা কাইফ তার প্রথম হলিউড মুভিতে জ্যাকি চ্যানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু সেই গুজব নাকচ করে এই আবেদনময়ী অভিনেত্রী জানিয়েছেন প্রস্তাব থাকলেও বলিউডের কাজ ফেলে অন্য কিছু করা এখন তার পক্ষে সম্ভব না।
ক্যাটরিনা জানিয়েছেন হলিউড থেকে একটি প্রস্তাব এসেছিল কিন্তু এটা শুধুমাত্র একটি আলোচনা ছিল। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী মনে করেন বলিউডের কাজ ফেলে তার এখন হলিউডে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, আমাকে এখানে (মুম্বাই) থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ করতে হবে। আমি কখনো কোনো প্রস্তাব নিয়ে কথা বলি না। আর যখন আমি সেই সিনেমা করবোই না সেটা নিয়ে বলে কী লাভ? বর্তমানে ক্যাটরিনা তার প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে অনুরাগ বসুর পরবর্তী সিনেমা জাগ্গা জাসুসের কাজ নিয়ে ব্যস্ত। ২০১৬ সালে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা এই সিনেমা সম্পর্কে ক্যাটরিনা বলেন, এটা এমন একটা সিনেমা যেখানে কাজ করতে গিয়ে আমাকে সবসময় তটস্থ থাকতে হয়েছে। আমার শরীরের প্রতিটি অংশের নড়াচড়া মনোযোগের বিষয় ছিল। খবর: হিন্দুস্তান টাইমস।
